বাঙালি মুসলমান নারী সমাজের জাগরণ ও অগ্রগতিতে বেগম পত্রিকাটির ভূমিকা অপরিসীম। দেশবিভাগের ঠিক আগে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। অবিভক্ত বাংলায় নারীদের জন্য মুসলমান সম্পাদিত প্রথম সচিত্র পত্রিকা ছিল এটি। সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের উদ্যোগে প্রতিষ্ঠিত পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। পরে নাসিরউদ্দীন-কন্যা নূরজাহান বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫০ সাল হতে ঢাকা থেকে নিয়মিত পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। নারীরাই ছিলেন এর লেখক আর তাঁদের লেখনীর মধ্য দিয়ে এ দেশের নারী সমাজের সমস্যা-বাস্তবতা, আশা-আকাঙ্ক্ষা, চলার পথের বাধা ও তা অতিক্রমের উপায় সম্পর্কে আলোচনা উঠে এসেছে পত্রিকাটির পাতায়। ফলে এ দেশের নারীদের সামাজিক অবস্থা ও তাদের রূপান্তরের ইতিহাস বুঝতে বেগম পত্রিকার গুরুত্ব অত্যধিক। ইতিহাস সম্পর্কে সে সচেতনতা ও দায়িত্ববোধের প্রেরণায়ই মালেকা বেগম পত্রিকাটির প্রায় অর্ধশতাব্দী কালব্যাপী প্রকাশিত সংখ্যাগুলো থেকে বাছাই করা রচনা নিয়ে তিন খণ্ডে এই কোষগ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন। বর্তমান ও ভবিষ্যকালের গবেষক, সমাজতাত্ত্বিক ও অনুসন্ধিৎসু পাঠকের জন্য এক মূল্যবান আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে এ বইগুলো।