১৯৪৯ সালে আলবার্ট আইনস্টাইন একটি প্রশ্ন করেছিলেন—"পরিকল্পনা আর স্বাধীনতা কি একসাথে বাঁচতে পারে?" সেই প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি। এই বইয়ে পাঁচটি ভিন্ন সময়ের, ভিন্ন দেশের পাঁচটি কণ্ঠ একটিই জিজ্ঞাসা নিয়ে মুখোমুখি হয়েছে—মুক্তি কি সম্ভব? এবং যদি সম্ভব হয়, তাহলে কোথা থেকে, কীভাবে? হেলেন কেলার—যিনি দেখতে পেতেন না, শুনতে পেতেন না—১৯১২ সালে আমেরিকা থেকে দেখিয়ে দিলেন পুঁজিবাদী সংবাদমাধ্যম কীভাবে সামাজিক অন্ধত্ব তৈরি করে। আইনস্টাইন ১৯৪৯ সালে লিখলেন—পুঁজিবাদ মানুষকে ভেতর থেকে ভাঙে, একাকিত্বে নিক্ষেপ করে। জাইলস উংপাকর্ন দেখালেন সাহায্যের হাত কখনো কখনো ব্যবস্থারই হাত হয়ে যায়—বাঁধটা কেন ভাঙল সেই প্রশ্ন না করে শুধু বন্যার ত্রাণ দিলে ব্যবস্থা টিকে থাকে। জেমস পেত্রাস বললেন—বামপন্থীরা পরাজয়কে দর্শন বানিয়ে ফেলে, "ব্যবস্থা বদলানো যাবে না" কথাটি আর রাজনৈতিক পরাজয় থাকে না, দার্শনিক সত্য হয়ে ওঠে।
আর মার্কস—১৮৫৭ সালে লন্ডনের একটি ছোট ঘরে যে পাণ্ডুলিপি লিখেছিলেন, মৃত্যুর ৫৬ বছর পর যা প্রথম ছাপা হয়—সেখানে তিনি বলেছিলেন যন্ত্রে সঞ্চিত হচ্ছে মানবজাতির সামষ্টিক জ্ঞান, কিন্তু সেই জ্ঞানের মালিক হচ্ছে পুঁজির মালিক। আজ ChatGPT কোটি মানুষের লেখা শিখে নিয়েছে, Amazon-এর গুদামে রোবট শ্রমিকের জায়গা নিচ্ছে, বাংলাদেশের চল্লিশ লাখ পোশাকশ্রমিকের দিকে ধেয়ে আসছে অটোমেশনের ঢেউ—মার্কস প্রশ্ন "এই জ্ঞান কার?" এখনো উত্তর পায়নি। এই পাঁচজনের কেউই ব্যবস্থার বাইরে থেকে কথা বলেননি—তাঁরা ব্যবস্থার ভেতরে থেকেই ব্যবস্থাকে প্রশ্ন করেছেন। এই বইয়ের নামই তাই।