মুনাফা নির্ভর আমদানি বাজারে জ্বালানি খাত রূপান্তরের ইতিহাস
‘বাংলাদেশের জ্বালানি খাত: তথ্য ও ইতিহাস’ গ্রন্থে গবেষক ও সাংবাদিক আনিস রায়হান স্বাধীনতার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত রূপান্তরের গতিপ্রকৃতি তথ্য-প্রমাণসহ বিশ্লেষণ করেছেন। বইটি তিন ভাগে বিভক্ত— জ্বালানি ইতিহাস পর্যালোচনা ও বিশ্লেষণ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও প্রয়োজনীয় জরুরি তথ্য-উপাত্ত।
পর্যালোচনায় উঠে এসেছে কীভাবে স্বায়ত্তশাসনের পথে এগোতে চাওয়া একটি জাতীয় খাত ক্রমান্বয়ে নীতিগত সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও দাতাগোষ্ঠীর প্রভাবে বাণিজ্যিকীকরণ ও আমদানিনির্ভর মুনাফাকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে। লেখক সুনির্দিষ্টভাবে দেখিয়েছেন, এই রূপান্তর নিছক কোনো দুর্ঘটনা বা নীতিগত ভুল নয়; বরং বিদেশি রাষ্ট্র, বহুজাতিক প্রতিষ্ঠান ও ক্ষমতার ঘনিষ্ঠ দেশীয় সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার প্রদানের সমন্বিত ফল। পর্যালোচনার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্বালানি খাতে সংঘটিত সকল গুরুত্বপূর্ণ ঘটনার সার-সংক্ষেপ।
তথ্যবহুল সারণি, দীর্ঘ ছয় দশকের বিদ্যুৎ-গ্যাস-তেলের মূল্যহার পরিবর্তনের খতিয়ান ও দুর্লভ দালিলিক তথ্য-উপাত্তে সমৃদ্ধ এই গ্রন্থ একাধারে একটি উচ্চমানের রাজনৈতিক-অর্থনৈতিক গবেষণা এবং দেশের জ্বালানি অধিকার, নীতি ও গণআন্দোলনের গতিধারা বোঝার জন্য একটি অপরিহার্য আকরগ্রন্থ। ছয় শতাধিক পৃষ্ঠার এই বই শুধু অতীতের দলিল নয়; জাতীয় স্বার্থ, জ্বালানি অধিকার ও ভবিষ্যতের ন্যায্য জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ে নতুন করে ভাবার এক জরুরি পাঠ।