বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও ছিল প্রকৃতির প্রতি আজন্ম টান আর জুলের মতোই অ্যাডভেঞ্চারের নেশা। কিন্তু দুর্জনেরা বলে, বিভূতিভূষণ ছিলেন ঘরকুনো টাইপের। কিন্তু এই মানুষটাই স্রেফ কল্পনার ডানায় ভর দিয়ে চলে গিয়েছিলেন দুর্গম আফ্রিকার ঘন জঙ্গল আর পাহাড়ের দেশে। সেই কাল্পনিক অভিজ্ঞতা দিয়ে লিখেছিলেন অ্যাডভেঞ্চার আর টানটান উত্তেজনায় ভরপুর চাঁদের পাহাড় উপন্যাসটি।
বইটিতে একেবারে অজপাড়াগাঁয়ের ছেলে শঙ্করের কাহিনি শুনিয়েছেন লেখক। এফএ (এখনকার এইচএসসি) পাস করে ঘরেই বসে ছিল শঙ্কর। এর বেশি পড়ালেখা করার সামর্থ্য নেই। তবে প্রখর বুদ্ধিমান আর সাহসী ছিল সে। এক আত্মীয়ের কল্যাণে চাকরি পায় শঙ্কর। তবে সে চাকরি দেশে নয়, একেবারে গহিন জঙ্গলে ঢাকা সুদূর আফ্রিকায়। সেখানে নতুন রেললাইন বসানোর কাজ পায় সে। স্টেশনের পাশেই এক ঘরে একা একা রাত কাটাতে হয় তাকে। একদিন হঠাৎ অ্যালভারেজ নামের এক পতুর্গিজ ভদ্রলোক ভীষণ অসুস্থ অবস্থায় সেখানে উপস্থিত হয়ে শঙ্করের হাতে একটা ম্যাপ ধরিয়ে দেন। তাতে গহিন বনের ভেতর এক পাহাড়ের ঠিকানা আঁকা। সেখানে পৌঁছালেই পাওয়া যাবে হীরার খনি। শঙ্করের সেবা-শুশ্রূষায় অ্যালভারেজ সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে হীরার খনির সন্ধানে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শঙ্কর। তারপর? শুরু হয় রোমাঞ্চকর এক অভিযান। পথে পথে মৃত্যুর হাতছানি। সেই সঙ্গে বিস্তীর্ণ মরুভূমিতে ক্ষুধা, তৃষ্ণা, ভয়। সবকিছু মিলে দারুণ এক কাহিনি।