হযরত আবুবকর—গোলাম মোস্তফা
ছিলেন দৃঢ়, বিশ্বাসী, সত্যবাদী। কঠিন দুঃসময়েও সত্যের প্রতি আন্তরিক শ্রদ্ধাকে আনুগত্য এবং সত্যের প্রতি অবজ্ঞাকেই বলেছেন বিশ্বাসঘাতকতা। হযরত আবু বকর (রা.) নবীজি (সা.)-এর নিকটতম সাথী, মোমিন-সঙ্গী। ইসলামের সেবায় অতুলনীয় অবদান তাঁর। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ, প্রথম কোরআন সংকলন এবং প্রথম রাষ্ট্রীয় কোষাগার স্থাপন তাঁরই কীর্তি। ইসলামের প্রথম খলিফাও তিনি। চিরকাল সুউচ্চ মর্যাদায় আসীন। আত্মবিশ্বাসে, সংকল্পে ছিলেন দৃঢ়। মহানবী (সা.)-এর উপদেষ্টা মহানুভব এক জীবন আলোচনা করেছেন মুসলিম রেনেসাঁর অগ্রগণ্য কবি, অননুকরণীয় গদ্যশিল্পী গোলাম মোস্তফা।
হযরত ওসমান—মোহাম্মদ বরকতুল্লাহ্আ
হযরত ওসমান ছিলেন লাজুক, সসংকোচ, দরদী। দুঃখীর দুর্ভিক্ষের সহায়, স্বধর্মী দাসেদের আশ্রয়-ত্রাতা। জামিউল কোরআন। যাঁর খিলাফতে ইসলাম উজিয়েছে মহামরু-দুস্তর গিরি-সমুদ্র সফেন। স্নেহপ্রবণ-অমায়িক, জুন্নুরাইন। উদার-হস্ত ছিলেন দানে, রণ-প্রস্তুতিতে। পাশে ছিলেন নবীজি (সা.)-এর সব সংকটে ও বিপদে। মানবকল্যাণ আর প্রগতি সর্বদা ছিল ধ্রুবতারা জীবনে তাঁর। ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান (রা.)-এর জীবনী লিখেছেন বঙ্গসাহিত্যের নবজাগরণ যুগের যশস্বী লেখক, দার্শনিক ভাবনাসমৃদ্ধ প্রথম আধুনিক বাঙালি মুসলিম প্রাবন্ধিকের শিরোপায় ভূষিত মোহম্মদ বরকতুল্লাহ।
হযরত ওমর—বদুল মওদুদ
বাস করেছেন পর্ণকুটিরে, শয্যা পেতেছেন ধূলি-ধূসরিত মাটির কোলে, গায়ে তুলেছেন অসংখ্য তালিশোভিত জীর্ণ বস্ত্রখণ্ড। দয়াল দরদী নবীজি (সা.) তাঁকে বলেছিলেন সত্য-মিথ্যার পার্থক্যকারী, ফারুক। ইসলামের একনিষ্ঠ সেবকরূপে, ন্যায়নিষ্ঠ তাপস হিসেবে, আবার মানুষের পরম সহায় ও বন্ধু হিসেবে তাঁর তুলনা কোথায়? আমিরুল মুমিনিন হিসেবে মহাশক্তিধর, অর্ধ-পৃথিবীর অভূতপূর্ব মহাশাসকের জীবনী লিখতে কলম ধরেন সুবক্তা ও মননশীল লেখক হিসেবে খ্যাত বিচারপতি আবদুল মওদুদ। বাংলা সাহিত্যের অমূল্য এক রত্ন হযরত ওমর (রা.)-এর এই জীবনী।
হযরত আলী—আবুল ফজল
মরু আফতাব উড়ে চলেছে, তাঁর ঘোড়ার খুরে। শাণিত দুধারী জুলফিকারে চমকেছে দিগন্ত। অবিশ্বাসের, আঁধারের ভেঙেছে দ্বার। ইসলামের সিংহ তিনি, হায়দার। ছিলেন রক্তের, বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। সত্য ধর্মে বিশ্বাসী প্রথম কিশোর। বেড়ে উঠেছেন নবীজি (সা.)-এর শিক্ষায়, পরম-প্রত্যক্ষ তত্ত্বাবধানে। ছিলেন সর্বশেষ ন্যায়নিষ্ঠ খলিফা। পবিত্র কোরআনের হাফেজ, শ্রেষ্ঠ মুফাসসির। জ্ঞানের সাধক, রিক্তের বন্ধু হজরত আলী (রা.)-এর জীবন ছিল সরলতা, সংযমে বিভূষিত। তাঁর অসামান্য এ জীবনী বাংলা ভাষায় রচনা করেছেন মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী আবুল ফজল।