এই বইতেই তিনি শুনিয়েছেন একটি ছেলের কথা, ইস্কুল ছাড়ার দশ বছর বাদে যাঁকে একবার যেতে হয়েছিল পুরনো ইস্কুলের চত্বরে, আর যেখানে ঢুকেই যাঁর মনে হয়েছিল, এ কোথায় এলাম রে বাবা! দরজা ছোট, বারান্দা ছোট, ক্লাসরুম আর ক্লাসের বেঞ্চিগুলো-সবই কেমন ছোট মনে হচ্ছে। পরে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন, কেন এই বিভ্রম। ইস্কুল ছাড়ার সময় তিনি ছিলেন পাঁচ ফুট তিন ইঞ্চি, আর সেবার যখন ফিরে গেলেন, তখন তিনি উচ্চতায় প্রায় সাড়ে ছ'ফুট। ইস্কুল তো বাড়েনি, বেড়েছেন তিনি নিজেই। আমরা অবশ্য জানি, এরপরেও ক্রমশ তিনি আরও কত বড় মাপের হয়ে উঠেছেন। প্রতিভায়, প্রতিপত্তিতে, খ্যাতিতে, জনপ্রিয়তায়-ক্রমশই তিনি নিজেকে কীভাবে গিয়েছেন ছাপিয়ে। সেই বড় মাপের মানুষটিই এই বইতে শোনালেন তাঁর খুব পুরোনো দিনের কিছু কথা- যখন ছোট ছিলাম। একদা যিনি আমাদের চলচ্চিত্রকে রাতারাতি সাবালক করে তুলেছিলেন পথের পাঁচালী উপহার দিয়ে, আজ তিনি নতুন করে যেন শুরু করলেন আরেক পথের পাঁচালী, যে-পথ গিয়েছে তাঁর নিজেরই সোনালি শৈশবের দিকে। এই নতুন পথের পাঁচালীতেও একটি ছেলের মুগ্ধতা ও বিস্ময়, কল্পনা ও কৌতূহল, কৌতুক ও রোমাঞ্চ, অনুভব ও উপলব্ধি নিয়ে বড় হয়ে ওঠা ছবির মতোন আমাদের চোখের সামনে তুলে ধরেছেন তিনি। সেই ছেলেটির নাম-সত্যজিৎ রায়। এ-বইতে শুধু সেই ছোট্ট সত্যজিৎ রায়ের বড় হয়ে ওঠার কাহিনীই শোনাননি তিনি, সেই সঙ্গে শুনিয়েছেন এমন-এক পরিবারের কথা যে-পরিবার বাংলাসাহিত্যে একমাত্র ঠাকুরবাড়ির পরেই স্মরণযোগ্য। আর শুনিয়েছেন এমন এক কলকাতার কথা, যে-কলকাতা আজ মনে হয় অচেনা। স্মৃতিকে সবাই ধরে রাখতে পারে না, সবাই পারে না স্মৃতিপটে ফুটেওঠা কাহিনীকে সরস ও স্বাদু করে শোনাতে। সত্যজিৎ রায় এই দুটো কঠিন কাজই খুব সহজ করে আর সুন্দর করে পেরেছেন। তাঁর স্মৃতি-অভিজ্ঞতার ভাণ্ডারটি যেমন মণিমুক্তোয় ঠাসা, বলার ভঙ্গিতেও তেমনই হীরের ধার এবং উজ্জ্বলতা। যখন ছোট ছিলাম বেরিয়েছিল সন্দেশ পত্রিকার দুটি সংখ্যায়। বর্তমান গ্রন্থটিকে তার পুনর্মুদ্রণ বললে নিতান্তই কমিয়ে বলা হবে। লেখা যেমন আমূল বদলে গেছে সম্পাদনায় আর আর সংযোজনে, ছবির ক্ষেত্রেও তেমনই বহু বদল, যোজনা এবং সংস্কার। নতুন করে বিস্তর ছবি এঁকেছেন সত্যজিৎ রায় এ-বইয়ের জন্য। যেমন, গড়পারের বাড়ি অথবা বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। নতুন করে যেতে হয়েছে তাঁকে এ-সব জায়গায়, স্কেচ আঁকার জন্য। গ্রন্থাকার যখন ছোট ছিলাম-এর আরেকটি বড় আকর্ষণ, পাতার পর পাতা জোড়া বহু দুষ্প্রাপ্য ফটো এবং ফ্যাকসিমিলি।